তিন সার্ফার হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড
যোগফল প্রতিবেদক:
মেক্সিকোয় অস্ট্রেলিয়ার দুই ভাই জেক রবিনসন ও ক্যালাম রবিনসন এবং তাদের মার্কিন বন্ধু কার্টার রোডকে হত্যার দায়ে তিনজনকে ১৫৮ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
২০২৪ সালে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি নির্জন সমুদ্রসৈকতে সার্ফিং করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ওই তিন বন্ধু। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তাদের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হত্যা করা হয়ে থাকতে পারে।
এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সহিংসতার ঘটনা থাকলেও ওই এলাকাকে সাধারণত নিরাপদ বলে মনে করা হতো।
গত সপ্তাহে তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন আদালত। আইনি কারণে তাদের পুরো নাম প্রকাশ করা হয়নি। তাদের পরিচয় জানানো হয়েছে জেসুস জেরার্দো, ইরিনেও ফ্রান্সিসকো ও অ্যাঞ্জেল জেসুস নামে।
আদালতে নিহত দুই ভাইয়ের মা ডেবরা রবিনসন বলেন, তার ছেলেদের হত্যার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে দেখা সব স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত তিনজনের মরদেহ একটি কূপে ফেলে রাখা হয়েছিল। তাদের প্রত্যেকের মাথায় গুলির ক্ষত ছিল।
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে পরিচিত জেসুস জেরার্দোর বান্ধবীকে পৃথক একটি মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ‘এল কেকাস’ নামে পরিচিত জেসুস জেরার্দোর ওই বান্ধবী ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।
হত্যাকাণ্ডের পর সমুদ্রসৈকতসংলগ্ন এনসেনাদা শহরের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিনতাইয়ের মতো একটি ঘটনার জেরে তিনজনকে হত্যা করায় বিস্ময় প্রকাশ করেন অনেকে।
সার্ফারদের কাছে জনপ্রিয় ও অতিথিপরায়ণ স্থান হিসেবে পরিচিত এনসেনাদা। তবে এ নৃশংস হত্যাকাণ্ড মেক্সিকোয় সহিংসতার ভয়াবহ চিত্র আবারও সামনে নিয়ে আসে।
কর্তৃপক্ষের তদন্তে উঠে আসে, তিন সার্ফার যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে প্রবেশের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন। তাদের প্রত্যেকের বয়স ছিল ৩০ বছরের কিছু বেশি। হত্যার পর মরদেহ উদ্ধার করতে প্রায় এক সপ্তাহ সময় লাগে। পরে পরিবারের সদস্যরা মরদেহগুলো শনাক্ত করেন।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন